বাঙ্গরায় গৃহবধূর আত্মহত্যা স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা

বাঙ্গরা প্রতিনিধি।।
প্রকাশ: ৭ ঘন্টা আগে

কুমিল্লার বাঙ্গরা উপজেলার আকুবপুর ইউনিয়নে যৌতুক ও পারিবারিক নির্যাতনের অভিযোগে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় এজাহার দায়ের করেছেন।
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহতের নাম মারিয়া আক্তার (২০)। তাঁর বাবার বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে।
তিনি উপজেলার ২নং আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী।
বাঙ্গরা বাজার থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে গাজীপুর গ্রামের মেহেদী হাসানের (২৫) সাথে মারিয়ার বিয়ে হয়। এজাহারে বাদী আব্দুল ছাত্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য তার মেয়েকে মারধর করা হতো। এছাড়া পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী মেহেদী হাসান, শ্বশুর নুরু মিয়া ও শাশুড়ি সূতিয়া বেগম মিলে তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
স্থানীয় সূত্রে জানাযায়, ৫ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ৩টার দিকে গাজীপুর গ্রামে ভাড়া বাসায় নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মারিয়া। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাজীরহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের সম্পন্নের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বাসরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ সফিউল আলম জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের বাবার দায়েরকৃত এজাহারটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।