কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবায় শালুক তুলতে গিয়ে পানিতে ডুবে মো. রাশেদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদ ওই গ্রামের শাহীন চেয়ারম্যান বাড়ির মো. আরিফ হোসেন তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের ডোবায় শালুক তুলতে যায় রাশেদ। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে ডোবার পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত স্বজন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।