বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা দোয়া চেয়েছেন।