বিনামূল্যে ক্যান্সার পরামর্শসেবা নিয়ে কুমিল্লা মডার্ন হাসপাতালের উদ্যোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ক্যান্সার রোগীদের জন্য বিনামূল্যে পরামর্শসেবা প্রদানের উদ্যোগ নিয়েছে কুমিল্লা মডার্ন হাসপাতাল। এ উপলক্ষে সোমবার (২২ জুন) দুপুরে হাসপাতালের মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের গুয়াংজু মর্ডান ক্যান্সার হসপিটালের অনকোলজি বিশেষজ্ঞ ডা: উ ওয়েইর। কুমিল্লা মডার্ন হাসপাতালের চেয়ারম্যান ডা. আবুল বাশারের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. মাহবুব ইসলাম মজুমদার ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস. চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. উ ওয়েই বলেন, বাংলাদেশি ক্যান্সার রোগীদের জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় তুলনামূলক কম খরচে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা রয়েছে গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতালের। তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার সময় রোগীদের শারীরিক অবস্থার অবনতি যেন না ঘটে, সে বিষয়ে হাসপাতালটি বিশেষ গুরুত্ব দেয়। পাশাপাশি কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও তুলে ধরেন তিনি।
কুমিল্লা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ক্যান্সার রোগীদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে পরামর্শসেবা কার্যক্রম চালু করেছে। এ উদ্যোগের মাধ্যমে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। তিনি হাসপাতালের কার্ডিয়াক সেন্টারসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবার তথ্যও তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য রাখেন গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতালের কান্ট্রি ম্যানেজার এমিলি, পেশেন্ট কনসালট্যান্ট ইশরাত জাহান নীলা, জিএম ফাহাদ আলী, কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় , কুমিল্লার জমিন সম্পাদক শাহাজাদা এমরান এবং রূপসী বাংলার সম্পাদক আসিফ তরুনাভ। মতবিনিময় সভায় কুমিল্লা মডার্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা এবং কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এ উদ্যোগ ক্যান্সার রোগীদের সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।