কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামে বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার সময় নিজ বসতঘর থেকে বাড়ির উঠানে আসার পর এই ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার দিবাগত রাত ৩টার সময় তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, নিহত মাহমুদা আক্তার উপজেলার ধান্যদৌল গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে। সে স্থানীয় ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
শুক্রবার রাতে নিজ বসতঘর থেকে বাড়ির উঠানে আসামাত্র একটি বিষধর সাপ মাহমুদাকে ছোবল দেয়। এ সময় তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন দ্রুত এগিয়ে আসে এবং তাকে সাপে ছোবল দিয়েছে বুঝতে পেরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত ৩টার সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্কুলছাত্রী মাহমুদার এমন অকাল ও নির্মম মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পুরো ধান্যদৌল গ্রামজুড়ে গভীর শোকের মাতম বইছে।