ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
প্রকাশ: ১ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ওই গ্রামের মো. কাউসার মিয়ার মেয়ে আড়াই বছর বয়সী মরিয়ম আক্তার ও একই উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে আড়াই বছর বয়সী সাহিদা আক্তার। শিশু শাহিদা আক্তার তার নানাবাড়ি বিহাইর বেড়াতে এসেছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, উঠানে খেলা করছিল দুই শিশু। খেলতে খেলতে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায় তারা। তাদের না পেয়ে স্থানীয়রা ও তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।