মানবিক সেবায় তরুণদের আরও সম্পৃক্ত করার আহ্বান

কুমিল্লা রেড ক্রিসেন্টে মতবিনিময় সভায় বক্তাগণ-
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় যুব ও স্বেচ্ছাসেবক, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জামিল আহমেদ খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে সায়মা ফেরদৌসী বলেন, “মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করে মানবিক সেবার পরিধি বাড়াতে হবে।”
তিনি বলেন, কুমিল্লা ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও কার্যকর ও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য ও সাংবাদিক শাহাজাদা এমরান, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মিলন, কুমিল্লা ইউনিটের সহকারী পরিচালক সাজিদ হোসেন এবং যুব ইউনিট প্রধান মাহমুদুল হাসান সজিবসহ অনেকে।
আলোচনা সভায় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।