মিথ্যাচারের প্রতিবাদে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হৃদয় হাসান ।।
প্রকাশ: ৮ মাস আগে

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সালাউদ্দিন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কান্দিরপাড় লিবার্টি মোড় হয়ে মনোহরপুরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর শিবির সভাপতি হাসান আহমেদ বলেন, ১৯৭৭ সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অগ্রণী ভূমিকা রেখে আসছে। তিনি বলেন, “২৪ জুলাইয়ের পর থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্রবান্ধব কর্মসূচি ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এতে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের দিকে ঝুঁকছে, আর ছাত্রদলকে প্রত্যাখ্যান করছে। নিজেদের কোনো মূলনীতি না থাকায় তারা এখন অব্যাহতভাবে শিবিরের ওপর দায় চাপাচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। ধর্ষণকাণ্ডে তাদের বহু নেতা গ্রেফতার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই দায় শিবিরের ওপর চাপিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে চাইছে। যেমনটি অতীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করত।” তিনি ছাত্রদলকে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বিভ্রান্তির রাজনীতি বাদ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, ছাত্রদল ও বাম সংগঠনগুলো নিজেদের কর্মসূচি না থাকায় শিবিরের বিরুদ্ধে অব্যাহতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “যদি শিবিরের নামে অপবাদ দেওয়া বন্ধ না হয়, তবে ছাত্রসমাজই তাদের বয়কট করবে।”
কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে শান্তিপূর্ণ রাজনীতির প্রত্যাশা করা হলেও ক্যাম্পাসগুলোতে আবারও অস্ত্রের ঝনঝনানি ও নারী হেনস্তার ঘটনা বাড়ছে। তিনি অভিযোগ করেন, অতীতে স্বৈরাচার সরকার যেমন শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, বর্তমানে কিছু রাজনৈতিক দল সেই পথেই হাঁটছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ অন্যান্য নেতৃবৃন্দ।