মুরাদনগরে ১১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ  মাদক ব্যবসায়ী আটক 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মাদক বিক্রির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে উপজেলার মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।মুরাদনগর থানা পুলিশ আজ সোমবার এ কথা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. আল আমিন (৩১), তিনি হিরারকান্দা এলাকার জামির উদ্দিন সরকার বাড়ির বাসিন্দা। তার পিতার নাম নজরুল ইসলাম এবং মাতার নাম শিল্পী বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) রাজু বড়ুয়ার নেতৃত্বে হিরারকান্দা এলাকার নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে একটি কালো এয়ারটাইট পলিপ্যাকেট থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১.১ গ্রাম। একই সঙ্গে মাদক বিক্রির ২ হাজার ২৫ টাকা নগদ অর্থ, একটি মোবাইল ফোন এবং তার দেখানো মতে বাড়ির উঠানের পাশে টিনশেড ঘরের সঙ্গে লাগোয়া কবুতরের খোপের পাশ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত ডায়মন্ড অ্যালুমিনিয়াম ফয়েলের দুইটি বক্স জব্দ করা হয়।

এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।