কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত ৮টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা মুরাদনগর থানাধীন ১৫নং নবীপুর (পশ্চিম) ইউনিয়নের শিবানীপুর এলাকায় মদিনা ব্রিকস ফিল্ডের সামনে কোম্পানীগঞ্জ বাজার থেকে মুরাদনগর বাজারগামী পাকা সড়কে অভিযান চালান।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মোঃ হোসেন সরকার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হোসেন সরকার কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন ১৫নং নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তর ত্রিশ (পশ্চিম পাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সুলতান সরকার এবং মাতার নাম মোর্শেদা বেগম।
এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং-১৫, তারিখ-১৬/০৪/২০২৬) রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) রুহুল আমিনের ওপর ন্যস্ত করা হয়েছে।