রাতের আঁধারে ‘ফয়েজ ফিশারী’তে বিষ প্রয়োগের অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

 

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামে ‘ফয়েজ ফিশারী’ নামের একটি মাছের খামারে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। একই ঘটনায় বাড়িতে ভাঙচুর এবং ফয়েজ মাহবুব সিয়ামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছে তার পরিবার।

 

পরিবারের দাবি, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে তাদের পারিবারিক আয়ের অন্যতম প্রধান উৎস ‘ফয়েজ ফিশারী’তে বিষ প্রয়োগ করা হয়। এতে খামারের প্রায় সব মাছ মারা যায়। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

 

পরিবারের অভিযোগ, পরদিন ২০ ফেব্রুয়ারি সকালে কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করেন। এ সময় মো. ফয়েজ মাহবুব সিয়ামকে পেলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি পরিবারের সদস্যদের। এ ঘটনায় পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

ফয়েজ মাহবুব সিয়াম আড়াইওড়া গ্রামের মাহবুব হাসান পাভেল ও পারভীন আক্তারের ছেলে।

 

পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে সিয়াম রাজনীতিতে সক্রিয় থাকায় তারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, বিভিন্ন ঘটনার কারণে পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।