প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের মেধা, উদ্যম ও সৃজনশীলতার সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনটির নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লায় গাওছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা।
ড. মাওলানা আব্দুল কাদির মাদানীর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত মহাসচিব মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ মুহিউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রাকে শপথবাক্য পাঠ করানো হয়। পরে তিনি সরাসরি উপস্থিত এবং ভার্চুয়ালি যুক্ত কেন্দ্রীয় কমিটির ১৬০ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত নেতারা ইমাম-উলামাদের ঐক্য সুদৃঢ় করা, ধর্মীয় নেতৃত্বের মর্যাদা প্রতিষ্ঠা এবং জাতীয় ও সামাজিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা কাজী আবু হোরায়রা বলেন, ইমামরা সমাজের ধর্মীয় নেতা। তাদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি সমাজের প্রতিটি ইতিবাচক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় নেতৃত্বের গণ্ডি পেরিয়ে সামাজিক উন্নয়ন, নৈতিকতা প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজেও ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের এগিয়ে আসতে হবে। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনাও তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতির কল্যাণে ইমাম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবীণ নেতৃত্বের অভিজ্ঞতা ও পরামর্শের পাশাপাশি নতুন প্রজন্মের তরুণদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগকে তাঁরা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন। কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি মাওলানা আখতারুজ্জামান, মুফতি আবুল হাসান, মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার, মাওলানা হাবিব আহমদ শিশির ও মাওলানা মাসুদ আহমদ। যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন মুফতি মুহাম্মদ মুহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ এহসান উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম ও অধ্যাপক মাওলানা আখতার ফারুক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি এইচ এম সানাউল্লাহ এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা শাহ শামসুদ্দীন।
এ ছাড়া সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন অর্থ সম্পাদক মাওলানা আ. ন. ম. মাহবুবুর রহমান, তালিম ও তারবিয়াত সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আজহারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি মাওলানা জাকারিয়া হারুন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী, শিক্ষা-সাহিত্য, গবেষণা ও সংস্কৃতি সম্পাদক হাফিজ মাওলানা বায়েজিদ হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক ড. অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মাদানী, পরিবেশ উন্নয়নবিষয়ক সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, মসজিদ পাঠাগার সম্পাদক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, আইটি বিষয়ক সম্পাদক মাওলানা মামুনুর রশীদ এবং দাওয়াত সম্পাদক মাওলানা নূরুল ইসলাম।
পাশাপাশি বিভিন্ন বিভাগীয় সম্পাদক, সহসম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির অতীত কার্যক্রম ও কেন্দ্রীয় কাউন্সিলের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন। এতে সংগঠনের সাংগঠনিক অগ্রযাত্রা ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
এ ছাড়া সাংগঠনিক যোগাযোগ, তথ্যপ্রবাহ ও কার্যক্রমকে আরও আধুনিক, সহজ ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নতুন ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ওয়েবসাইটটির বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি এইচ এম সানাউল্লাহ। এতে কারিগরি সহযোগিতা প্রদান করেন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির তেজগাঁও অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ কামরুল হাসান ঢাকার উত্তর ও দক্ষিণাঞ্চলে পৃথক দুটি বৃহৎ ইমাম সম্মেলন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সঙ্গে যৌথ উদ্যোগে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার আয়োজন এবং ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ কর্মসূচি বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, ইমাম, খতিব, সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নতুন সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ইমামদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় ও সামাজিক উন্নয়নে সম্মিলিত ভূমিকা রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।