পুলিশ সুপার এ এফ এম তারেক হোসেন খান হঠাৎ করেই কণ্ঠের ভঙ্গি বদলে ফেললেন। আগের রূঢ়তা, দম্ভ আর দৃষ্টির কঠোরতা মিলিয়ে গেল। মুখে একধরনের কৃত্রিম বিনয় এনে তিনি বললেন,দেখেন, যা হওয়ার হয়ে গেছে। এখন আপনাদের ছাড়তে হলে আমার সামনে আইনের মাত্র দুইটি প্রক্রিয়া আছে। এই দুটির একটিও অনুসরণ না করলে আপনাদের মুক্তি সম্ভব নয়।
আমি শান্তভাবে জানতে চাইলাম, কি সেই প্রক্রিয়া, স্যার? তিনি ধীরস্বরে বললেন,
আমরা আপনাদের আবাসিক হোটেল থেকে আটক করে এনেছি- এই সত্য স্বীকার করলে আপনাদের ছাড়া সম্ভব না। সে ক্ষেত্রে আগামী দিন আপনাদের আদালতে চালান দিতে হবে। সেখান থেকে আপনারা আইনজীবীর মাধ্যমে জামিনে ছাড়া পাবেন। একটু থেমে আবার বললেন, আরেকটা পথ আছে। আমরা একটা কাগজ প্রস্তুত করেছি। সেটাতে আপনারা স্বাক্ষর করবেন। আমি জানতে চাইলাম, ওই কাগজে কী লেখা আছে? তিনি নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিলেন,
লেখা আছে, আপনারা সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। আমাদের ডিবি সন্দেহবশত আপনাদের আটক করেছে। এদিকে আপনার স্ত্রী কুমিল্লা কোতোয়ালি থানায় একটি জিডি করেছে। সেই জিডির সূত্র ধরে আমরা আপনাদের ছেড়ে দিচ্ছি, এই তো পুরো বিষয়। আমি বিস্ময়ভরা চোখে তাকিয়ে রইলাম সুন্দর চেহারার অধিকারী সেই পুলিশ সুপারের দিকে। মনে মনে ভাবলাম সারা জীবন বইয়ে, গল্পে, মানুষের মুখে শুনেছি পুলিশ সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মিথ্যা জবানবন্দি আদায় করে। কিন্তু নিজের জীবনে যে সেই নির্মম সত্যের প্রত্যক্ষ সাক্ষী হব, তা কখনো কল্পনাও করিনি। সেই মুহূর্তে আমার কাছে সত্য-মিথ্যার কোনো মূল্য রইল না। আইনের বই, ন্যায়বিচারের কথা সবই নিস্তব্ধ হয়ে গেল একটিমাত্র আকাঙ্ক্ষার কাছে, পুলিশের হাত থেকে মুক্তি। পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি তখন সেই মুক্তিটাই চাইছিলাম। আমি আর দ্বিধা করলাম না। সানন্দে, নীরবে রাজি হয়ে গেলাম। এসপি সাহেব সঙ্গে সঙ্গে ডিবির এসআই জাকিরকে নির্দেশ দিলেন,কাগজ দাও, দস্তখত করুক। কাগজটি আমার সামনে এনে ধরা হলো। একটিবারও ভালো করে পড়ার সুযোগ দেওয়া হয়নি। চোখ বন্ধ করে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, গাঁজাখুরি গল্পে সাজানো এক জবানবন্দিতে স্বাক্ষর করে দিলাম। কলমের এক ফোঁটায় যেন নিজের বিবেককেই বন্দি করে রাখলাম রাষ্ট্রীয় ফাইলে। সাক্ষী হিসেবে স্বাক্ষর করলেন আমার খোঁজে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ছুটে আসা শ্যালক নূর হোসেন রুবেল, মিয়াবাজারের বন্ধু খন্দকার রিপন। সঙ্গে উপস্থিত ছিলেন আমার আরেক শ্যালক মনির হোসেন। সব আনুষ্ঠানিকতা শেষ হলে জানানো হলো,আমরা মুক্ত। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। শরীরটা বাইরে থাকলেও মনটা তখনো আটকে ছিল ওই কাগজের ভেতরে যেখানে মিথ্যা আইনের ভাষায় সত্যকে কবর দেওয়া হয়েছে রাষ্ট্রের সিলমোহরে। সেদিন বুঝেছি,এ দেশে অনেক সময় মুক্তি পাওয়া যায়, কিন্তু নির্দোষ প্রমাণ হওয়া যায় না। মুক্তির মুখে শেষ হুমকি : ভয় দেখানোর রাষ্ট্রীয় ভাষা সব কাগজে স্বাক্ষর শেষ। আনুষ্ঠানিকভাবে আমাদের ‘মুক্তি’ ঘোষণার ঠিক আগমুহূর্তে পুলিশ সুপার এ এফ এম তারেক হোসেন খান দরজার কাছে দাঁড়িয়ে হঠাৎ থেমে গেলেন। বিদায়ের ভঙ্গিতে নয় বরং যেন শেষ তীরটা ছুড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন এক দৃঢ়তা তার চোখেমুখে।আমার দিকে তাকিয়ে ঠাণ্ডা কণ্ঠে বললেন, একটা কথা মনে রাখবেন। যদিও বাস্তবে আমরা আপনাদের আবাসিক হোটেল থেকেই নিয়ে এসেছি, কিন্তু আপনারা এখন আমাদের কথামতো স্বাক্ষর দিয়েছেন যে আমরা আপনাদের সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। একটু থেমে, শব্দগুলো আরও ধারালো করে তিনি যোগ করলেন, আপনারা তো মিডিয়ার মানুষ। বাহিরে গিয়ে যদি উল্টোপাল্টা কিছু বলেন, যদি এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দেন তাহলে কিন্তু আপনাদের এই স্বাক্ষরের ভিত্তিতেই আইনের বিশেষ ব্যবস্থায় কুমিল্লা থেকেও আপনাদের ধরে আনা সম্ভব। কথাটা যেন ভালো করে মনে থাকে। কথাগুলো কোনো চিৎকার ছিল না, কোনো উত্তেজনাও ছিল না। বরং ভয়ংকর ছিল এই কারণে যে, এগুলো বলা হচ্ছিল সম্পূর্ণ শান্ত, ঠাণ্ডা এবং আত্মবিশ্বাসী কণ্ঠে। যেন তিনি জানেন, আইন তার পকেটে। আমি কিছু বললাম না। চোখ নামিয়ে নীরবে দাঁড়িয়ে রইলাম। কিন্তু ভেতরে ভেতরে তখন এক অদ্ভুত আর্তনাদ চলছিল। মনে মনে বললাম, হায়রে পুলিশ! তুই আর মানুষ থাকলি না। তুই মানুষ নামের সব সংবেদন হারিয়ে শুধু ক্ষমতার যন্ত্র হয়ে থাকলি। সেই মুহূর্তে বুঝে গেলাম, আমাদের মুক্তি আসলে শর্তসাপেক্ষ। শরীরটা হয়তো বাইরে যাবে, কিন্তু কণ্ঠস্বর বন্দি থাকবে। কলম বন্দি থাকবে। সত্য বলার অধিকারও বন্দি থাকবে সেই কাগজের নিচে রাখা স্বাক্ষরের ভেতরে। ওই হুমকির মধ্যেই লুকিয়ে ছিল রাষ্ট্রের এক অদৃশ্য শাসন। চুপ থাকো, না হলে আবার তুলে নেওয়া হবে। কিন্তু পুলিশ সুপার তারিক সাহেব সম্ভবত সাংবাদিক শাহাজাদা এমরানকে চিনতে পারলেও লেখক শাহাজাদা এমরানকে চিনতে পারেননি। চিনতে না পারার ফসল এই গ্রন্থ ‘নীলফামারী ও আমার দায় ’ সেদিন উপলব্ধি করলাম, এই দেশে অনেক সময় পুলিশ মানুষকে শুধু আটকই করে না, তারা ভবিষ্যতের কথাগুলোও আগেই গ্রেপ্তার করে রাখে। নিচে নেমে দেখি মুক্তির অপেক্ষায় অচেনা মানুষের মিছিল রাত তখন প্রায় সাড়ে বারোটা। দীর্ঘ, দমবন্ধ করা এক অধ্যায়ের শেষে যখন পুলিশ সুপারের কার্যালয়ের সিঁড়ি বেয়ে নিচে নামলাম, চোখের সামনে এক দৃশ্য আমাকে মুহূর্তেই থমকে দিল। নীলফামারীর শীতল রাতের অন্ধকার ভেদ করে জ্বলজ্বল করছে মানুষের মুখ, সাংবাদিক, রাজনীতিবিদ, শুভানুধ্যায়ী আর সাধারণ মানুষে ভরা এক বিশাল ভিড়। সবাই দাঁড়িয়ে আছে নিঃশব্দ অপেক্ষায়, শুধুমাত্র একটি সংবাদ শোনার জন্য , সাংবাদিক শাহাজাদা এমরান ও তার সহকর্মী মুক্ত হয়েছে কি না। ওই মুহূর্তে প্রথমবার অনুভব করলাম, আমি একা নই। আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, আমাদের পাশে দাঁড়ানোর মানুষের অভাব নেই। পরবর্তীতে জানতে পারলাম, কুমিল্লা থেকে সারাক্ষণ ফোনে যোগাযোগ রেখে নীলফামারীর সাংবাদিক সমাজ ও রাজনৈতিক মহলকে সংগঠিত করা হয়েছিল। তাদের উদ্দেশ্য একটাই, পুলিশ সুপারের ওপর নৈতিক ও প্রশাসনিক চাপ তৈরি করা, যেন অন্যায়টা আর বেশি দূর না গড়ায়। এই অদৃশ্য চাপ, এই সম্মিলিত প্রতিবাদই হয়তো আমাদের মুক্তির পথকে কিছুটা হলেও সহজ করে দিয়েছিল। আমি সবার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সঙ্গে মাথা নুইয়ে দিলাম। মুখে বেশি কথা বের হলো না। দীর্ঘ ৩৩ ঘণ্টার মানসিক চাপ, অপমান আর অনিশ্চয়তা তখনো বুকের ভেতর ভার হয়ে চেপে আছে। তবু মনে মনে বললাম, এই ভালোবাসা, এই সংহতিই আমাকে আবার কলম ধরতে শেখাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা গাড়িতে উঠলাম। মনে হচ্ছিল, মুক্তি পেলেও মন এখনো পুরোপুরি হালকা হয়নি। ঠিক তখনই ডিবির এসআই জাকির এবং আমাদের সঙ্গে থাকা ৭১ টেলিভিশনের সাংবাদিক ভাইয়ের অনুরোধে গাড়ি থামানো হলো। রাস্তার ওপর দাঁড়িয়ে কয়েকটি ছবি তোলা হলো। যেন এই রাত, এই অপেক্ষা, এই মুক্তির মুহূর্ত ভবিষ্যতের জন্য একটি নীরব দলিল হয়ে থাকে। ঘড়ির কাঁটা তখন রাত পোনে একটার দিকে। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করল আমার প্রাণের শহর কুমিল্লার উদ্দেশ্যে যে কুমিল্লা আমাকে ধারণ ও লালন করে আজ ‘শাহাজাদা এমরান’-এ পরিনত করেছে। পেছনে রয়ে গেল নীলফামারীর সেই অচেনা রাত । যেখানে ভয়, চাপ আর অপমানের ভেতর দিয়েও আমি মানুষের ভালোবাসার উষ্ণতা অনুভব করেছিলাম। আর সামনে ছুটে চলল কুমিল্লার পথ,যেখানে অপেক্ষা করছে পরিবার, শহর, স্মৃতি আর নতুন করে দাঁড়ানোর এক অনিবার্য সংগ্রাম। চলবে।