মুন্সীগঞ্জের গজারিয়ায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ২টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্লাহ। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া।
এ সময় মুন্সীগঞ্জ জেলা ও গজারিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা, শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা, শিক্ষা কার্যক্রমে গুণগত পরিবর্তন এবং স্থানীয় পর্যায়ে শিক্ষার পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভাকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে আগ্রহ দেখা দেয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মতবিনিময় সভা গজারিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর দিকনির্দেশনা দিতে ভূমিকা রাখবে।