সকল দলকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশের দিকে অগ্রসর হতে চাই: অধ্যক্ষ নুরুল আমিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বলেছেন, আমরা সকল দলকে সঙ্গে নিয়ে, সকল মতের মানুষকে একত্র করে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে অগ্রসর হতে চাই।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নে যুব বিভাগের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, যুবক ভাইয়েরা সংগঠিত হন। আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করব— এটি আমাদের সম্মিলিত অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নে যুবকদেরই এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমরা এই দেশকে মাদকমুক্ত করতে চাই। কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে চাই। যুবক-যুবতীদের আমরা বেকার হিসেবে দেখতে চাই না। কর্মমুখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব নামক অভিশাপ দূর করে তাদের হাতে কাজ তুলে দিতে চাই, যাতে তারা স্বাবলম্বী হয়ে পরিবার পরিচালনা করতে পারে এবং সমাজ ও রাষ্ট্রে আত্মমর্যাদাশীল নাগরিক হিসেবে চলতে পারে।

তিনি আরও বলেন, আমাদের সামনে যে নতুন বাংলাদেশ—সে বাংলাদেশে ধর্মীয় বা আইনি কোনো বৈষম্য থাকবে না। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কেউ থাকবে না। সবাই ভাই-বোন হিসেবে বসবাস করবে। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও আইনের সুশাসন প্রতিষ্ঠা করা হবে, যেখানে কোনো বৈষম্যের সুযোগ থাকবে না।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, আমরা গুটিকয়েক পরিবারের হাতে বন্দি অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে সকল মানুষের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রাম-২ আসনে যেন অবৈধ অস্ত্রের ঝনঝনানি না শোনা যায়। যেখানে যেখানে অবৈধ অস্ত্র রয়েছে, সেগুলো উদ্ধারে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—কোনো ভেদাভেদ নেই। সবার সমান অধিকার নিশ্চিত করেই ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

সমাবেশে মাওলানা হাশেম উদ্দিনের সভাপতিত্বে এবং কলেজ শিক্ষক মোস্তফা আমিন মানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, অধ্যাপক জাহাঙ্গীর আলম, এডভোকেট ইসমাইল গনি, মাওলানা জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ ইয়াছিন আরাফাত, শফিউল আলম নুরী, মাস্টার হাফিজুর রহমান, এস এম রফিক উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠান শেষে দিদারুল আলমকে সভাপতি এবং মো. সাইফুল্লাহকে সাধারণ সম্পাদক করে ভুজপুর ইউনিয়ন যুব বিভাগের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।