কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে বিএনপি–জামায়াত সমর্থিত জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়লাভ করে জোটটি।
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা দুটি সম্পাদকীয় পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো পদেই জয়লাভ করতে পারেননি।
শুক্রবার সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
বৃহস্পতিবার ( ২ এপ্রিল) নির্বাচনে মোট ১,২৮৭ জন ভোটারের মধ্যে ১,২৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে মাঝে ৪৫ মিনিট বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাহাবুবুল হক খন্দকার। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসেন ও মোঃ আবদুল বাতেন মজুমদার। সহ-সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন জাহাঙ্গীর আলম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আবু মুছা ভূইয়া।
এছাড়া লাইব্রেরি সম্পাদক হিসেবে আবুল কাশেম (নীল), এনরোলমেন্ট সম্পাদক হিসেবে শাহজাহান ভূইয়া, আইটি সম্পাদক হিসেবে শাহ আলম এবং রিক্রিয়েশন সম্পাদক হিসেবে সাইফুর রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন হিমেল, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, ইসমাইল এবং লোকমান হোসেন।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয়ীরা আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।