সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ঘিরে নতুন শঙ্কা, হামলার অভিযোগে থানায় জিডি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ ঘন্টা আগে

কুমিল্লা নগরীতে পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টি, চাঁদা আদায়ের উদ্দেশ্যে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং ধারাবাহিক হয়রানির অভিযোগ এনে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছেন। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা একটি চক্র বিভিন্ন উপায়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। একই সঙ্গে সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে নানা ধরনের মিথ্যা তথ্য প্রচার, মানহানিকর কর্মকাণ্ড এবং হয়রানির চেষ্টা অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে ভয়ভীতি প্রদর্শন করে পূর্বে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দাবি করেন, সম্প্রতি তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি আরও বেড়েছে। সর্বশেষ হত্যার উদ্দেশ্যে তাকে অনুসরণ ও হামলার চেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী, কুমিল্লা নগরীতে সকাল থেকে ৩ থেকে ৪টি মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে এবং একপর্যায়ে আক্রমণের চেষ্টা চালায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন ট্যাগ ও কনটেন্ট ব্যবহার করে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আলামত ও তথ্য-উপাত্ত সংরক্ষণ করে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে সাংবাদিক শুভ্রের দাবি, তাকে কেন্দ্র করে চলমান অপপ্রচার, অনুসরণ এবং হামলার চেষ্টার ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে অভিযোগে উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।