ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) এলিমিনেটর ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। আগে ব্যাট করা অ্যান্টিগার হয়ে ৯ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত তার ইনিংসটি কাজে আসেনি। নিকোলাস পুরানের ব্যাটিং ঝড়ে অ্যান্টিগাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ত্রিনবাগো।
এর আগে বড় লক্ষ্য দিতে নেমে যথারীতি দ্রুতই ওপেনার রাকিম কর্নওয়ালের (৬) উইকেট হারায় অ্যান্টিগা। দলের বড় ভিত গড়ে দেওয়ার লক্ষ্যে দ্বিতীয় উইকেট জুটিতে ১০৮ রান এনে দেন আমির জাঙ্গু ও আন্দ্রেস গুস। যদিও তাদের জুটি আরও দ্রুত রান তুলতে পারলে বড় পুঁজি পেত অ্যান্টিগা। ধীরগতির ব্যাটিংয়ে সেটি কঠিন করে তোলেন জাঙ্গু। আউট হওয়ার আগে তিনি ৪৯ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৫ রান করেন। মার্কিন ব্যাটার গুস ৪৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় খেলেন ৬১ রানের ইনিংস।
জাঙ্গু-গুসের বিদায়ের পরই আসা-যাওয়ার মিছিল শুরু করে অ্যান্টিগার ব্যাটাররা। ৩২ রানের ব্যবধানে তারা ৬ উইকেট হারায়। মাঝে একপ্রান্ত আগলে রেখে ৯ বলে ৪টি চার ও এক ছক্কায় ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন সাকিব। সেটাই মূলত অ্যান্টিগার পুঁজি ১৬৬–তে নিয়ে যায়। বিপরীতে ত্রিনবাগোর পক্ষে সৌরভ নেত্রভালকার সর্বোচ্চ ৩ ও উসমান তারিক ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।
অ্যান্টিগার পক্ষে ৩ ওভার করে ২৪ রানে উইকেটশূন্য ছিলেন সাকিব। একমাত্র উইকেট পেয়েছেন কর্নওয়াল, তবে ৪ ওভারে খরচ করেন ৫০ রান।