ভারতের ত্রিপুরার সঙ্গে কুমিল্লা হয়ে নৌপথে বাণিজ্যের সম্ভাবনা দীর্ঘদিনের। কিন্তু গোমতী নদীর নাব্যতা সংকট, অসংখ্য নিচু সেতু ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সেই সম্ভাবনাকে আটকে রেখেছে। ২০২০ সালে পরীক্ষামূলকভাবে দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরার সোনামুড়ায় গোমতী নদীপথে সিমেন্টবাহী নৌযান পাঠানো হলেও তিন দিনে ১৪টি স্থানে আটকে পড়েছিল সেটি। দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় এসেছে এই নৌপথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও নদীবন্দর স্থাপনের বিষয়টি। সম্প্রতি নদীর নাব্যতা, অবকাঠামো ও সীমান্ত বাণিজ্যের সম্ভাবনা সরেজমিনে দেখতে গোমতী নদীপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ১৯৭২ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভ্যন্তরীণ নৌপথে বাণিজ্য ও ট্রানজিট প্রটোকল স্বাক্ষরিত হয়। এর আওতায় নতুন রুট হিসেবে যুক্ত হয়েছে গোমতী নদীর সোনামুড়া-দাউদকান্দি অংশের ৯৩ কিলোমিটার নৌপথ। বিবিরবাজার স্থলবন্দরের মাত্র ২০০ মিটার উত্তরে গোমতী নদীতে নৌবন্দর স্থাপনের সম্ভাবনাও নতুন করে আলোচনায় এসেছে। তবে নদীর ওপর নির্মিত স্বল্প উচ্চতার সড়ক ও রেলসেতু অপসারণ অথবা পুনর্নির্মাণ ছাড়া এই নৌপথে বাণিজ্যিক নৌযান চলাচল শুরু করা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি গোলাবাড়িতে নির্মাণাধীন সেতুটিও সড়কের সমান উচ্চতায় নির্মিত হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে এটি নৌযান চলাচলের বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
বর্ষাকালে গোমতী নদীতে পানির উচ্চতা থাকে ৪ থেকে ৫ মিটার। শুকনো মৌসুমে তা নেমে আসে প্রায় ১ মিটারে। আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় নদীর কিছু অংশে স্থানীয়দের পায়ে হেঁটেই পার হতে দেখা যায়। আবার বন্যার আশঙ্কা দেখা দিলে নদীর পানি বাঁধের সমান উচ্চতায় পৌঁছে যায়। তখন নদীর ওপর থাকা সেতুগুলোর নিচ দিয়ে নৌযান চলাচলের সুযোগ থাকে না। নদী খনন না করায় ছোট নৌযানের চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে। স্বল্প দূরত্বে ডিঙি নৌকা চললেও দাউদকান্দি থেকে বিবিরবাজার পর্যন্ত নৌযান চলাচল প্রায়ই বন্ধ থাকে।
সংশ্লিষ্টদের মতে, এই নৌপথ সচল করতে হলে নদী খননের মাধ্যমে পানির প্রবাহ ও গভীরতা বাড়াতে হবে। ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা গেলে নৌবাণিজ্যের পাশাপাশি নদীর তীর সংরক্ষণের কাজও এগিয়ে নেওয়া সম্ভব হবে। এতে বন্যার ঝুঁকি কমার পাশাপাশি গোমতীর তীরঘেঁষা প্রায় ৩ হাজার হেক্টর কৃষিজমি ও কৃষি অর্থনীতিও উপকৃত হতে পারে।
সম্প্রতি কুমিল্লার বিবিরবাজার সীমান্তবর্তী এলাকায় গোমতী নদীতে নদীবন্দর স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম। নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান সরকার নদীগুলোকে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় এর ইতিবাচক প্রভাব ফিরিয়ে আনতে চায়। নদীগুলোকে আবার সজীব ও সচল করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
চেয়ারম্যান বলেন, ২০২০ সালে নদীর যে অবস্থা ছিল, এখনো প্রায় একই রকম রয়েছে। নদীর ওপর ৩০টি নিচু সেতু রয়েছে। বর্ষাকালে এসব সেতুর নিচ দিয়ে নৌকাও চলাচল করতে পারবে না। এ কারণে নদীর পানির ধারণক্ষমতা ও গভীরতা বাড়াতে হবে। ড্রেজিং বা খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা জরুরি।
গোলাবাড়িতে নির্মাণাধীন সেতুর বিষয়ে তিনি বলেন, সেতুটির উচ্চতা সড়কের সমান রাখা হচ্ছে। ফলে এর নিচ দিয়ে এখনই নৌযান চলাচল সম্ভব নয়, বর্ষাকালেও তা সম্ভব হবে না। এ ছাড়া নদীর ওপর ৭২টি বিদ্যুতের খুঁটি রয়েছে, যা বর্ষাকালে বড় জাহাজ চলাচলে সমস্যা তৈরি করতে পারে। পালপাড়া এলাকার রেলসেতুর উচ্চতা পরিবর্তন করাও অত্যন্ত কঠিন।
নদীর পানিপ্রবাহ ও গভীরতা নিয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, দাউদকান্দির দিকে যেতে যেতে নদীটি অনেক বেশি ঢালু হয়ে গেছে। পানির স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে কটক বাজার থেকে বাংলাদেশ অংশে ব্যাপক খনন করতে হবে। সীমান্তের ওপারে ভারতের মহারানী বাঁধ থেকে সব সময় পানি ছাড়া হয় না। ২০২০ সালের পরীক্ষামূলক নৌযাত্রার সময়ও পানির অভাবে নৌযান আটকে পড়েছিল। তখন ভারতকে পানি ছাড়ার অনুরোধ জানানো হয়েছিল। পর্যাপ্ত পানি ছাড়া এ পথে নৌযান চলাচল সম্ভব নয়।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ভারতের দিক থেকে পানি বাংলাদেশে আসে এবং গোমতী নদী দিয়ে সামনের দিকে প্রবাহিত হয়। গোমতীতে নৌবন্দর স্থাপনের জন্য দুই দেশের মধ্যে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের সমীক্ষায় নদীর ওপর অসংখ্য সেতুর বিষয়টি উঠে এসেছে। এসব সেতু নির্মাণের ক্ষেত্রে নৌপরিবহন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। অথচ সেতুর উচ্চতা কতটুকু হওয়া প্রয়োজন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত নেওয়া উচিত ছিল।
তিনি আরও বলেন, ব্রিটিশ আমল থেকেই নদীর ওপর সেতু নির্মাণের ক্ষেত্রে নৌযান চলাচলের বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। ফলে গোমতীর ওপর রেলসেতুর উচ্চতাও প্রয়োজনের তুলনায় কম রাখা হয়েছে।