হামে শিশুদের মৃত্যুর জন্য গত দুই সরকারের গাফিলতিকে দায়ী করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। তারা শিশুদের টিকা দেয়নি। এ অপরাধ ক্ষমাহীন। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। আগামীতে একটি মানবিক, জবাবদিহিমূলক ও কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে জরুরি।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ইউএইচএফপিও সম্মেলন-২০২৬ শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি স্বাস্থ্যখাত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা দেশের স্বাস্থ্যব্যবস্থার মূল চালিকাশক্তি। স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার প্রচেষ্টা; “Prevention is better than cure” নীতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার।

তিনি বলেন সরকার স্বাস্থ্যখাতে ‘ক্রমান্বয়ে’ জিডিপির ৫% বরাদ্দ দিতে চায়। মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা শক্তিশালী করা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য সেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি স্বাস্থ্যকর্মীদের মর্যাদা, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বলেন এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। যার ৮০% নারী শতাংশই থাকবে নারী।

প্রধানমন্ত্রী বলেন- দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি ই-হেলথ কার্ড চালুর মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যতথ্য সংরক্ষণ ও সহজ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার নেতৃত্ব, টিকাদান, মাতৃস্বাস্থ্য ও রোগ প্রতিরোধে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। স্বাস্থ্যখাতে কাঠামোগত ও জনবল ঘাটতি দূর করার পরিকল্পনার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর সেবা জোরদার ও দেশের স্বাস্থ্যসেবা যুক্তরাজ্যের National Health Service (NHS) মডেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হবে।

তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের চলাচলের জন্য গাড়ির তেল ও চালকের ব্যবস্থা করবে সরকার। তবে এ জন্য আন্তর্জাতিক সমস্যা শেষ হওয়ার অপেক্ষা করা হচ্ছে। এছাড়াও তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।