৫ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদের শোভাযাত্রা

কুমিল্লা-৬ (সদর)
জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ৫ মাস আগে

কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আলেখারচর বিশ্বরোড হয়ে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সুয়াগাজী ও নগরীর চকবাজার হয়ে পুনরায় ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
এসময়, শোভাযাত্রায় জামায়াতের প্রায় ৫ হাজার মোটরসাইকেলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান কাজী দ্বীন মোহাম্মদ।
এর আগে শোভাযাত্রা শুরু করার পূর্বে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই। জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বাদ দিয়ে সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব।
তিনি আরো বলেন, আগামী দিনের ন্যায়ভিত্তিক ও ইনসাফমুখী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। এ জন্য সবাইকে একত্রিত হয়ে ভবিষ্যতে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞা করার আহ্বান জানাই।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে কুমিল্লা সদর-সদর দক্ষিণ এলাকায় রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ ও সংস্কার করবো। স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সূষ্টি করবো। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, নতুন স্কুল-কলেজ স্থাপন এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির জন্য, হাসপাতাল আধুনিকীকরণ, কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি করবো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনের ভূমিকা রাখবো।
নগরবাসীর পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময়, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমান এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মরদ মোল্লা, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলামসহ আরো অনেকে।