৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুদকের হাতে আটক সার্ভেয়ার আসাদুল, বাড়ি কুমিল্লায়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের পরিচালিত এক ফাঁদ অভিযানে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।

 

আটক আসাদুল ইসলাম কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটানিসার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির জন্য অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। ঢাকার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নিয়েছিলেন তিনি। তবে আবেদন করার প্রায় ছয় মাস পার হলেও জমির সীমানা নির্ধারণের কাজ শেষ হয়নি।

এ নিয়ে একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন মনিরুল। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। অভিযোগ রয়েছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ করে দেওয়ার বিনিময়ে মনিরুলের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন আসাদুল।

পরে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে জানান ভুক্তভোগী মনিরুল ইসলাম। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে দুদক ফাঁদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার দুদকের একটি বিশেষ দল পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুলকে আটক করে।

দুদক জানিয়েছে, এ ঘটনায় আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাঁকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

 

এদিকে আসাদুলের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে আটকের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর নিজ এলাকা কুমিল্লার আমড়াতলীতেও বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।