কুমিল্লা-৬ : আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে এমপি বাহারকে চিঠি

২৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

‘বিএনপি-জামায়াতের কর্মীদের কোনও প্রার্থীর পক্ষে পাওয়া গেলে হাত-পা ভেঙে দেবেন’ প্রচারণার প্রথম দিনই এই বক্তব্য প্রদান করায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনি অনুসন্ধান কমিটি থেকে শোকজ খেয়েছেন কুমিল্লা ৬ সংসদীয় আসনের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজী আকম বাহা উদ্দিন বাহার এমপি। গতকাল মঙ্গলবার কুমিল্লা-৬ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি এমপি বাহারকে পাঠানো হয়েছে।
চিঠিতে আওয়ামীলীগ প্রার্থী বাহারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎ মর্মে আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১ টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল,কুমিল্লাতে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর কথা বলা হয়েছে।

জানা যায়, গত ১৮ ডিসেম্বর সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিন কুমিল্লা নগরীর ৩ নং ওয়ার্ডের কালিয়াজুরি পি.টি.আই স্কুল মাঠের উঠান বৈঠক করেন কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আকম বাহাউদ্দীন বাহার। ওই বৈঠকে এমপি বাহার তার বক্তব্যে বলেন, “যদি কোন বি.এন.পি এবং জামায়াতের কোন কর্মীকে কোন প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত ঠ্যাং ভেঙ্গে দিবেন, আমি আকম বাহা উদ্দিন আপনাদের সাথে আছি’।
এমন উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও ভীতিমুক্ত পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে এবং এতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা যা ২০০৮ এর পরিপন্থি। আচরণ বিধিমালার বর্ণিত বিধান লঙ্ঘনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ঙ অনুযায়ী প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। এমন পরিস্থিতিতে এমপি বাহারের কাছে আচরণ বিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়েছেন কুমিল্লা-৬ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।

মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) কুমিল্লা-৬ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল স্বাক্ষরিত একটি চিঠি এমপি বাহারকে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চিঠি প্রসঙ্গে জানার জন্য নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা এমপি বাহারের সেল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে তার প্রধান নির্বাচনী এজেন্ট ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আতিক উল্লাহ খোকন গতকাল মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জানিয়েছেন, এখন পর্যন্ত তারা এই ধরনের চিঠি পাননি। অফিসিয়াল ভাবে ট্রাইবুন্যাল থেকে আমাকে ফোন দিবে।