দফায় দফায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ আহত ৬

নোয়াখালী
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১ বছর আগে

নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ইব্রাহিম মাসুম (২৮) নামের ছাত্রদলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। 

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কাঁচিহাটা বাজারে এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাসুম আমান উল্যাহপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় কাঁচিহাটা বাজারের পাশে একটি ঘরে যুবক সোহেল ইয়াবা সেবন করছিলেন। ওই সময় কিছু যুবক তাকে আটক করে। বিষয়টি বিকেলে স্থানীয়ভাবে সমাধান করার সিদ্ধান্ত হয়। পরে ছাত্রদলের নেতারা আটক যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

এসব অভিযোগ নাকচ করে দিয়ে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, যে ছেলেটাকে মারধর করা হয়েছে তিনি জামায়াত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অনেক আগে তিনি ছাত্রদল করতেন। ছয় মাস আগে তিনি জামায়াতে যোগ দেন। এ জন্য সকালে তাকে মারধর করা হয়। তবে কে বা কারা ছাত্রদল নেতার ওপর হামলা করেছে তা আমি জানি না।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, সংঘর্ষ ও গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ যুবক লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল ফারুক বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। গুলিবিদ্ধ যুবক হাসপাতালে চিকিৎসাধীন। কী নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে এ বিষয়ে এখনও পুরোপুরি জানা যায়নি।