নিজ এলাকায় ঈদ ভালোবাসায় সিক্ত উপদেষ্টা আসিফ মাহমুদ : উন্নয়নমূলক কাজ পরিদর্শন

হৃদয় হাছান।।
প্রকাশ: ১২ মাস আগে

 

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও চলমান বিভিন্ন উন্নয়নমূল কাজ পরিদর্শনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে আসেন। মুরাদনগরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হোন তিনি।

 

 

সোমবার ৯ জুন সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দিয়ে মুরাদনগরে ঢুকেন তিনি। উপজেলার  বাবুটিপাড়া, পাহাড়পুর, ছালিয়াকান্দি, জাহাপুর, শুষুন্ডা,  দারোরা, নহল চৌমুহনী  গ্রামে চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। পান্তি বাজারে নেমে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন। সাধারণ মানুষ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় তিনি উপস্থিত জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

 

 

জাহাপুর বাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কাল, স্থানীয় সরকার, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গনমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।

 

তিনি বলেন আপনারা দেখেছেন চাঁদপুরের একটি ঘটনাকে আমার পরিবারকে জড়িয়ে একটি বিশেষ শ্রেণী হেয় প্রতিপন্ন করেছে। আমি তথ্য মন্ত্রণালয়ে কথা বলেছি। রাস্ট্রের সাধারণ নাগরিক হিসেবে আমি আইনগত ব্যবস্থা নিবো।

 

 

নির্বাচনের রোড ম্যাপ ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন।

 

 

তিনি বলেন, স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগন বঞ্চিত হচ্ছে। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে।

 

 

তিনি আরো বলেন, মানুষের বিভিন্ন চাওয়া পাওয়া থাকে, এসব চাওয়া পাওয়াগুলো নিজে শুনতেই মূলত ছুটে আসা।

 

 

দারোরা বাজারে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি ঈদ শুভেচ্ছা জানান, এবং এলাকায় কি কি জণকল্যাণমূলক কাজ দরকার সেগুলো লিখিত আকারে দিলে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা গ্রহণ করবে জানান।

 

 

এছাড়াও বিকেল ৩টায় উপজেলার মেটংঘর গ্রামে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করবেন তিনি।

 

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ।