ব্রাহ্মণপাড়ায় প্রবাস ফেরত তরুণীর রহস্যজনক মৃত্যু

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
প্রকাশ: ১০ মাস আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অন্তরা আক্তার (২১) নামে এক প্রবাস ফেরত তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অন্তরা আক্তার সৌদি আরব থেকে দেশে ফিরে আসার দুই মাসের মধ্যে মৃত্যুবরণ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত অন্তরা উপজেলার শিদলাই এলাকার কামাল হোসেনের মেয়ে। প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব যান তিনি। দুই মাস আগে ছুটিতে দেশে ফেরেন। তার স্বামীর বাড়ি নেত্রকোনায়, তবে বর্তমানে তাদের দাম্পত্য সম্পর্ক বিচ্ছিন্ন। অন্তরার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। নিহতের মা সুবর্ণা আক্তার জানান, রোববার (৮ জুন) রাত ৯টার দিকে পরিবারের সকলে রাতের খাবার শেষ করে ঘুমাতে যান। রাত ১১টার দিকে অন্তরার সঙ্গে তার শেষবারের মতো কথা হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে অন্তরার ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন, ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে অন্তরা গলায় ফাঁস লাগিয়ে একটি চেয়ারে বসা অবস্থায় ঝুলে আছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল বলেন, “দুই বছরের শিশু সন্তান রেখে একজন তরুণীর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।” ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাছানাত বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য উদঘাটন হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।