এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালই প্রথম জানায়, ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছেন।
ইসরায়েল ইতোমধ্যে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এই হামলার পর বুধবার প্রথমবারের মতো জনসমক্ষে আসেন খামেনি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমরা ভীত নই, আমরা প্রতিক্রিয়া জানাব।’
অন্যদিকে, জাতিসংঘে ইরানের মিশন ট্রাম্পকে কটাক্ষ করে এক্স-এ লিখেছে, ‘ইরানকে হুমকি বা ভয় দেখিয়ে লাভ নেই, হোয়াইট হাউসের দরজায় কাকুতি-মিনতি করে কেউ কখনো মাথা নত করেনি। তার মিথ্যার চেয়ে তার কাপুরুষোচিত হুমকি আরও জঘন্য।
উড়োজাহাজ, জ্বালানি ট্যাঙ্কার এবং স্টেলথ যুদ্ধবিমান এফ-২২ ও এফ-৩৫-এর চলাচল দেখা যাচ্ছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দিকে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান ইস্যু।
বিবিসির এক সূত্র বলেছে, যুক্তরাষ্ট্র এখনো ব্রিটেনের ডিয়েগো গার্সিয়া বা সাইপ্রাসে অবস্থিত ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেনি। তবে ‘সব ধরনের বিকল্পই’ বিবেচনায় রয়েছে।
ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে জেরুজালেমের মার্কিন দূতাবাস। তবে বুধবারের ঐ ঘোষণায় কিভাবে ও কতজন সরানো হবে, তা এখনো স্পষ্ট নয়।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৫৮৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২৩৯ জনই বেসামরিক নাগরিক।
এদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।