কুবিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘টেড-এক্স’ সম্মেলন

কুবি প্রতিনিধি।।
প্রকাশ: ১০ মাস আগে

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন ‘টেড-এক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। এবারের প্রতিপাদ্যে থাকছে ‘দ্যা নেক্সট ওয়েভ’।

 

শনিবার (১৯ জুলাই) এবারের আয়োজনটি অনুষ্ঠিত হবে বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে। ‘টেড’ কর্তৃক অনুমোদিত এই স্বাধীন আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে উদ্ভাবন, পরিবর্তন এবং তরুণ প্রজন্মের নতুন চিন্তা-ভাবনার ধারা তুলে ধরা।

 

আয়োজকরা জানিয়েছেন, এবারের ইভেন্টে কেবল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন।

 

আয়োজক কমিটি আটজন বক্তার নাম প্রকাশ করেছে। তারা হলেন: ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, লেখক ও সাবেক সেনা কর্মকর্তা মেজর মো. দেলোয়ার হোসেন (ডেল এইচ খান), অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওসার, স্টার নিউজ-এর প্রধান নির্বাহী (আউটপুট) ফারাবী হাফিজ, পিসি বিল্ডার বাংলাদেশের প্রধান সম্পাদক অনন্য জামান, ডেইলি স্টারের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা তাজদীন হাসান এবং ফকির গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সুমন কান্তি সিংহ।

 

টেড এক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর লিড অর্গানাইজার খান মোহাম্মদ সালেহ জানান, “আমরা প্রতিটি অংশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিত উপাদানগুলো তুলে ধরেছি বিশ্ববিদ্যালয়ের নীল বাস, ওয়েভ থিম, প্রধান ফটক, ওয়াচ টাওয়ার এবং ময়নামতির টেরাকোটা নকশা। এটি কুবির ঐতিহ্য ও সম্ভাবনার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।”

 

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর। এর আগে, ২০২৩ সালের ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়টি টেড-এক্স আয়োজনের জন্য অফিসিয়াল লাইসেন্স অর্জন করে।