কুমিল্লার বুড়িচং উপজেলা-কে পৌরসভা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, একই সাথে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। সোমবার (২১ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীন এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন ২০২২ এর ৯ ধারা (১) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার উপজেলা নির্বাহী অফিসার বুড়িচং কুমিল্লাকে বুড়িচং পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করলো।
স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক বুড়িচং পৌরসভার সার্বিক কর্মকান্ড পরিচালনা করবেন। একই সাথে বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভক্তিকরণ বিষয়ে আরো একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভক্তি ও পূর্ণ বিনাশ করনের জন্য স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ ২০১৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা বুড়িচং জেলা কুমিল্লাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি উপজেলা বুড়িচং জেলা কুমিল্লাকে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ করা হলো। একই সাথে জরুরী ভিত্তিতে বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভক্তির কাজ সম্পন্ন করনের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা বুড়িচং পৌরসভার প্রশাসক তানভীর হোসেন জানান, “মন্ত্রনালয় থেকে এ বিষয়ে চিঠি পেয়েছি, নির্দেশনা ও আইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে কাজ করা হবে ”