কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক  এড. ইউসুফের উপর  সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক  এড. ইউসুফ আলীর  উপর  সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লা নগরীর ঝাউতলা শহীদ শামসুল হক সড়কে বিসমিল্লাহ ডিপার্টমেন্টাল ষ্টোরে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরনে এড. ইউসুফ আলী জানায়, তিনি তার বাসা সংলগ্ন এলাকার ঝাউতলা শহীদ শামসুল হক সড়কে বিসমিল্লাহ ডিপার্টমেন্টাল ষ্টোর থেকে সব সময় বিদ্যুৎ বিল জমা দেন। গেল মাসে ৬ হাজার টাকা বিল আসলে তিনি বরাবরের মতোই বিল জমা দেন। গতকাল বৃহস্পতিবার যখন বিদ্যুৎ বিল আসে তখন দেখেন যে, গত মাসে তার বিল জমা হয়নি। ফলে তিনি রাত পোনে দশটায়  এ নিয়ে বিসমিল্লাহ ডিপার্টমেন্টাল ষ্টোরের মালিক শাহ আলমের কাছে জানতে চান কেন গত মাসে টাকা নিয়েও তার বিল জমা হলো না। এ নিয়ে দুই জনের মধ্যে বাদানুবাদ যখন চলে তখন শাহ আলমের দুই ছেলে জানে আলম ও নূরে আলম পেছন থেকে এসে দোকানের তালা দিয়ে তার মাথায় অতর্কিত আঘাত করে এবং বেধরক মারধর করে। ফলে এড. ইউছুফের মাথা ফেটে যায়। তখন তাৎক্ষনিক তার স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে চিকিৎসা দেয়।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক  এড. ইউসুফ আলী আজ শুক্রবার জানান, তিনি আজ কুমিল্লা কোতয়ালী মডেল থানায় বিষয়ে মামলা করবেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিসমিল্লাহ ডিপার্টমেন্টাল ষ্টোরে  শাহ আলম ও তার দুই ছেলের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।