বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন (বাইসো) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখায় নানামুখী সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে সংগঠনটির সদস্যরা। সেই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা শাখা আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী ও সমাজসেবামূলক কিছু উদ্যোগ।
২৫ জুলাই প্রথম প্রহরে কুমিল্লা জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভাসমান মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় ও ছিন্নমূল মানুষদের হাতে খাবার পৌঁছে দেন। একই দিনে নগরীর রানীরকুঠি এলাকায় পথশিশুদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে শিশুদের মাঝে টিশার্ট উপহার দেওয়া হয়, যাতে তাদের মুখে হাসি ফোটে এবং সমাজে ভালোবাসার বার্তা পৌঁছায়।
প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিন ২৬ জুলাই কুমিল্লার রানীরদিঘীরপাড়ে অবস্থিত একটি মাদ্রাসায় আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিল। সম্প্রতি মাইলস্টোন কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও দেশের কল্যাণে দোয়া করা হয়। এ আয়োজনে অংশগ্রহণ করেন সংগঠনের স্থানীয় সদস্য ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
একই দিনে দেবিদ্বার উপজেলা শাখা ও কুমিল্লা মডার্ণ হাই স্কুল শাখা পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আলাদা দুটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে। এসব কর্মসূচিতে স্থানীয় ছাত্রছাত্রী, শিক্ষক, এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন তার প্রতিষ্ঠার এক দশক পূর্তিতে যেভাবে সমাজের বিভিন্ন স্তরে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাদের এই উদ্যোগ দেশের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করবে সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে।