পর্যটকের মৃত্যু হাওরে ডুবে

কিশোরগঞ্জে হাওরে ডুবে বগুড়া থেকে ঘুরতে আসা বনান্ত ইসলাম (২২) নামে এক পর্যটক মারা গেছেন।
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

কিশোরগঞ্জে হাওরে ডুবে বগুড়া থেকে ঘুরতে আসা বনান্ত ইসলাম (২২) নামে এক পর্যটক মারা গেছেন। শনিবার জেলার হাওর অধ্যুশিত নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পাশের হাওরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল দিয়ে হাওরের অন্যতম নদী ঘোড়াউত্রা বয়ে গেছে। বনান্ত ইসলামের বাড়ি বগুড়ার কান্দারবাজার এলাকায়। তিনি বগুড়ার সৈয়দ আহম্মেদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে বনান্ত ইসলাম বগুড়া থেকে ৮-৯ জন বন্ধুসহ কিশোরগঞ্জের পাগলা মসজিদ দেখতে আসে। এরপর কিশোরগঞ্জ জেলা শহর থেকে হাওরে ঘুরার উদ্দেশ্যে নিকলী যায়। দুপুরে নিকলী বেড়িবাঁধ থেকে ট্রলারে দ্বীপগ্রাম ছাতিরচরের পাশে পানিতে ডুবন্ত করচবনে গিয়ে গোসল করতে পানিতে নামে সবাই। এসময় হঠাৎ বনান্ত পানিতে তলিয়ে যায়। স্থানীয় নৌকার মাঝিরা বনান্তের বন্ধুদের চিৎকারে পানিতে নেমে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। বনান্তরের পরিবারের সদস্যদের জানানোর পর তাঁরা রাতে বগুড়া থেকে নিকলী এসেছেন। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের বাড়িতে নিয়ে যেতে চাইছেন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।