দুঃসংবাদ দিলেন ছোট ও বড়পর্দার দাপুটে অভিনেতা আফরান নিশো। হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। এ জন্য অস্ত্রোপচার করাতে হবে। শনিবার (৯ আগস্ট) রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে হাজির হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান এ অভিনেতা। এ সময় আফরান নিশোর কাছে ‘সুড়ঙ্গ ২’ সিনেমা কবে আসবে জানতে চাওয়া হয়। জবাবে অভিনেতা বলেন, এটি কবে আসবে তা নির্মাতা রাফী ভালো জানেন। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে একটা ‘নি সার্জারি’ করাতে হবে আমাকে। এরপরই এ অভিনেতা মজা করে বলেন, এটা এর আগে কখনো বলা হয়নি আমার। আজই প্রথমবার বলছি। এখন যদি সবাই ভাবে, ‘তোমার তো পা ভাঙা’, তাহলে তো আর কাজ পাব না আমি। আফরান নিশো দীর্ঘদিন ধরে অভিনয় করছেন ছোটপর্দায়। অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। দর্শকপ্রিয়তা এতটাই ছিল যে, তাকে ছোটপর্দার বড় তারকা বলা হতো। ভক্তদের চাহিদা অনুযায়ী বড়পর্দায়ও নাম লেখান। সেখানে সাফল্য অর্জন করেন এ অভিনেতা। নির্মাতা রায়হান রাফীর মাধ্যমে ‘সুড়ঙ্গ’তে অভিষেক করেই আলোড়ন সৃষ্টি করেন আফরান নিশো। গত রোজার ঈদেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমাটিও কাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছে অভিনেতাকে