রাজধানীতে ভোরে বাসে আগুন

রাজধানীতে ভোরে বাসে আগুন দেয়ার সময় হাতেনাতে ধরা যুবক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ভোরে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. আমিনুর রহমান ওরফে আমিন (২৬)। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোলভর্তি একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়।আদাবর থানা সূত্রে জানা যায়, আমিনুরসহ অজ্ঞাত কয়েকজন মোটরসাইকেলে করে এসে বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে আমিনুরকে আটক করে মারধর শুরু করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরবর্তীতে আদাবর থানার টহল পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আমিনুরকে নিউরো সাইন্স হাসপাতালে রেফার করেন। পরে প্রাথমিক চিকিৎসার পর আমিনুরকে থানা হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।