৭ মাসের শিশুকে ছিনিয়ে নিল দাদন ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ৭ মাসের শিশু কন্যা মিনহা আক্তারকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টাকালে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা তালহা জোবায়েরসহ মিনহার বাবা-মাকে মারাত্মকভাবে আহত করা হয়। পরে উত্তেজিত জনতা অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জানায়, পূর্ব দুর্গাপুর গ্রামের আঃ মতিনের স্ত্রী এছমোতারা বেগম (৩৫) প্রতিবেশী দাদন ব্যবসায়ী সুজাত ও তার স্ত্রী দুলালী বেগম (৪৫)-এর কাছ থেকে সুদে কিছু টাকা ধার নেন। পরে সুদসহ সম্পূর্ণ টাকা পরিশোধ করলেও তারা আরও অর্থ দাবি করে হুমকি দিতে থাকে।

এরই জেরে গত ৮ আগস্ট বিকেলে সুজাত, দুলালী ও তাদের সহযোগীরা এছমোতারার বাড়িতে গিয়ে টাকা দাবি করে। দিতে অস্বীকার করলে তারা এছমোতারার কোলে থাকা ৭ মাসের শিশু মিনহাকে জোরপূর্বক নিয়ে নিজ বাড়িতে আটকে রাখে এবং দাদনের টাকা দাবি জানায়।

এসময় এছমোতারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য তালহা জোবায়েরকে জানালে তিনি গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শিশুটিকে উদ্ধারের জন্য অভিযুক্তদের বাড়িতে যান। এসময় দাদন ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তালহা জোবায়ের, শিশুটির বাবা ও মাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। ঘটনা জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সুজাত, তার স্ত্রী দুলালী, ছেলে আলাল ও দুলাল এবং কন্যা সুরভীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।