ঢাকা বনানীতে সিসা বারে যুবক হত্যার ঘটনায় বরুড়া থেকে দুজনকে আটক করে র‌্যাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

রাজধানীর বনানী এলাকার ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে দুই যুবককে আটক করেছেন র‍্যাবের সদস্যরা। আটকের পর তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

মেজর সাদমান ইবনে আলম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা এবং র‍্যাব-১ এর যৌথ অভিযানে ওই দুই যুবককে বরুড়া উপজেলার গামরুয়া এলাকা থেকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ঢাকায় নেওয়া হয়েছে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ের বিস্তারিত জানাবে র‍্যাব-১।
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রাজধানী ঢাকার বনানী এলাকায় ‘৩৬০ ডিগ্রি’ নামে ওই সিসা বারে রাহাত হোসেন রাব্বি নামের ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

পুলিশ জানায়, বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা–কাটাকাটির এক পর্যায়ে রাব্বির পায়ে ও পেটে ছুরিকাঘাত করেন তাঁর পূর্বপরিচিত কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাত্র দেড় মিনিটের ওই হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।