‘অসমাপ্ত আত্মজীবনী’  কে লিখেছেন বঙ্গবন্ধু   না জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে ১২৩ সদস্যের একটি দল

গোয়েন্দা অনুসন্ধান শুরু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

বঙ্গবন্ধু  শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী সহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুন বাগিচায় সংস্থাটির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবের জীবনী নিয়ে লেখা এই ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। তবে সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যম প্রতিবেদনে ভিন্ন তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, এই বই আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, এ ঘটনার অনুসন্ধানে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। বিষয়টি সংস্থাটির নজরে আসা মাত্রই তথ্য-উপাত্ত সংগ্রহ করা শুরু হয়েছে।

আক্তার হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এ নিয়ে কাজ চলছে। অনুসন্ধানের সিদ্ধান্ত হলে আপনাদের (গণমাধ্যমকে) জানানো হবে।
২০১২ সালে বইটি প্রকাশের পর বইটির সম্পাদক ও প্রকাশকরা জানিয়েছিলেন, এই আত্মজীবনীতে মূলত ঠাঁই পেয়েছে ১৯৫৪ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলী। ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন শেখ মুজিবুর রহমান।  পাশাপাশি এই নেতা আরও বেশ কয়েকটি বিষয় তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন। এই প্রকাশনার সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক ও সাংবাদিকদের একটি দল।