কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ সম্পন্ন

জাহিদ হাসান নাইম
প্রকাশ: ৭ মাস আগে

 

কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নগরীর ঠাকুরপাড়া এলাকায় রেসিডেন্সিয়াল কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন মানুষ তখনই প্রকৃত মানুষ হয়ে উঠে, যখন সে মানবতার তরে নিজেকে বিলিয়ে দেয়। শুধু পড়ালেখা করলেই হবে না, মানুষের কল্যাণেও নিজেকে উৎসর্গ করতে হবে। আর যে প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করবেন, তার প্রতিও দায়িত্বশীল হতে হবে।

 

জেলা প্রশাসক আরও বলেন, আমরা সবাই জিপিএ-৫ এর পেছনে ছুটছি, অথচ কেউ সন্তানকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে উৎসাহিত করছি না। উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, সেখানে কেবল মেধাবী নয়, দায়িত্বশীল ও মানবিক মানুষ তৈরিতে জোর দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের সভাপতি ডা. মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. ফজলুল হক লিটন, কলেজের সেক্রেটারি ইফতিয়ার রেজা আশিক আহম্মেদ শাহীন, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন এবং মিয়া মোহাম্মদ তৌফিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান।

 

বক্তারা নবীন শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধে বেড়ে ওঠার পরামর্শ দেন। তারা বলেন, শিক্ষককে সম্মান করা, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ জাগ্রত রাখা এবং সততা-নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করলেই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে আদর্শ মানুষ হয়ে উঠতে পারে।

 

নবীন বরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত করে।