‘ টমছমব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজের দাবি নগরবাসীর’

সোহাইবুল ইসলাম সোহাগ।।
প্রকাশ: ৭ মাস আগে

কুমিল্লা নগরীর অন্যতম ব্যস্ত এলাকা টমছমব্রিজ। এই এলাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। একদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, অন্যদিকে কোটবাড়ি, কান্দিরপাড় ও পদুয়ার বাজার বিশ্বরোড। চারদিক থেকেই গাড়ির চাপ থাকে তীব্র। সবমিলিয়ে টমছমব্রিজ এলাকায় যানজট যেন নিত্যদিনের সঙ্গী।
এই গুরুত্বপূর্ণ মোড় দিয়ে প্রতিদিন অসংখ্য রোগী, শিক্ষার্থী ও সাধারণ পথচারী চলাচল করে থাকেন। বিশেষ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যেতে হলে এই ব্যস্ত সড়ক পাড়ি দিতে হয়। অথচ, রাস্তা পারাপারের কোনো নিরাপদ ব্যবস্থা নেই। ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং অনেক সময় তা প্রাণঘাতীও হয়ে ওঠে।
স্থানীয়রা বলছেন, “এই এলাকায় একটি ফুটওভার ব্রিজ স্থাপন করা এখন সময়ের দাবি। প্রতিদিন আমরা আতঙ্ক নিয়ে রাস্তা পার হই। অনেক সময় ছোট শিশুরাও এই ঝুঁকির মধ্যে পড়ে যায়।”
যানজট নিরসন ও পথচারীদের নিরাপত্তার জন্য টমছমব্রিজ এলাকায় একটি ফুটওভার ব্রিজ স্থাপন জরুরি বলে মনে করছেন ট্রাফিক বিভাগ ও শহর পরিকল্পনাবিদরাও। তবে এ বিষয়ে এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও পথচারীরা। তাঁদের দাবি, একটি ফুটওভার ব্রিজ স্থাপন করলে পথচারীরা নিরাপদে রাস্তা পার হতে পারবেন এবং যানজটও অনেকাংশে কমে যাবে।
এ বিষয়ে সড়ক ও জনপথ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, এখানে ফুটওভার ব্রিজ দেয়ার মত জায়গা নেই। তবুও আমরা আলোচনা করে দেখব।