আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে। ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে দেয়া হবে। মাসব্যাপী এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠা প্রধান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে থানা-উপজেলা ও জেলার সব কর্মকর্তাকে এই কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় ১২ অক্টোবর থেকে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে। ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে দেয়া হবে। টিকা কার্যক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি বা সমমান পর্যন্ত সব শিক্ষার্থীদের স্ব- স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুদের বিদ্যমান ইপিআই টিকা কেন্দ্রে এই টাইফয়েড টিকা দেয়া হবে।
এমন পরিস্তিতিতে, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- সার্বিকভাবে সফল করতে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা বা সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করার জন্য বলা হয়েছে।
যেসব নির্দেশনা দেয়া হয়েছে-১. উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদেরকে এ টিকাদান কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করার জন্য স্বাস্থ্য অধিদফতরের নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদেরকে সহযোগিতা করার নির্দেশনা দেবেন। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার জন্য জেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেজে পত্রটি এবং পত্রের সঙ্গে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র আপলোড করবেন।
২. সহকারী উপজেলা বা সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিজ-নিজ ক্লাস্টারের বিদ্যালয়গুলো কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন।
৩. জেলা, উপজেলা, থানার সব কর্মকর্তাকে দৈবচয়নের ভিত্তিতে বিদ্যালয়গুলোর কার্যক্রম নিবিড়ভাবে পরিবীক্ষণ করতে হবে।
৪. শিক্ষকরা যেন স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমে অংশ নিতে পারেন সেদিকে প্রধান শিক্ষকদের লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ের সব সহকারী শিক্ষকদের এ কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে।
৫. টাইফয়েড টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ নিশ্চিতকরণ, টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে রোভার স্কাউট বা শিক্ষার্থীদের নিয়োজিত করা এবং অভিভাবকদের উদ্বুদ্ধকরণের বিষয়টি নিশ্চিত করবেন।
৬.রেজিস্ট্রেশন ফরমের তথ্য সঠিক কিনা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তদারকি করবেন।