বাংলাদেশের প্রশংসায় মেতেছেন ওয়াসিম জাফর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

এশিয়া কাপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ শেষে ইএসপিএনক্রিকইনফোর আলোচনায় ওয়াসিম জাফর প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশকে। ব্যাট হাতে শেষদিকে ছন্দ হারালেও বাংলাদেশ যেভাবে জয় অর্জন করে নিয়েছে, জাফর তাতে মুগ্ধ।

তিনি বলেন, ‘দারুণ এক ম্যাচ হয়েছে। বাংলাদেশের প্রশংসা করতেই হবে। কারণ রান এত বেশি করতে পারেনি। ২০ রানের মতো কম হয়েছে। পাওয়ারপ্লেতে এত দারুণ শুরুর পর, প্রথম ১০ ওভারে ৮৭ রানের পরও শেষ ১০ ওভারে ৬০-৬৫ রানের মতো এসেছে। শেষ ১০ ওভারে দম ছিল না। তবে বল হাতে নাসুম, রিশাদরা নৈপুণ্য দেখিয়েছে। ফিল্ডিংও ভালো হয়েছে।‘

‘একাদশে এত পরিবর্তন! মনে হচ্ছিল না কাজে আসবে। তবে বলে না, শেষ ভালো তো সব ভালো। জয়টা তাদের টুর্নামেন্টে টিকিয়ে রাখল। হংকংয়ের বিপক্ষে আরও আরামে জেতা উচিৎ ছিল। ওখানে নেট রান রেট ভালো করে নেওয়া উচিৎ ছিল। আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ ডু ওর ডাই হয়ে গেল। গ্রুপটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে।’

শ্রীলঙ্কার কাছে হারলে আফগানিস্তানের সুপার ফোরে যাওয়ার সুযোগ নেই। তাই রশিদ খানরা যেকোনো মূল্যে জিততে চাইবেন। তবে জাফর এই ম্যাচে লঙ্কানদের জয়েরই বেশি সম্ভাবনা দেখছেন।

তিনি জানান, ‘আফগানিস্তান তো চাইবে ম্যাচ যেভাবেই হোক জেতা লাগবে। বারবার বলা হচ্ছে আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল। আমার এখনও একটু সন্দেহ আছে। কারণ রান তাড়ায় গেলে তারা ভড়কে যায়। ভালো দলের বিপক্ষে কখনও দেড়শ রান তাড়া করেনি। শ্রীলঙ্কার দলটাকে ভালো মনে হচ্ছে। ভালো স্পিনারও আছে। দারুণ এক লড়াই হবে। তবে আফগানিস্তান চাইবে যেকোনো মূল্যে শ্রীলঙ্কাকে হারাতে। তার ওপর ওদের রান রেটও ভালো আছে।‘