ড্যাব নেতা ডা. এম এম হাসানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ৭ মাস আগে

বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লার সদ্য সাবেক সভাপতি ডা. এম এম হাসানের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বরে সচেতন নাগরিকদের ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ডা. এম এম হাসানের বিরুদ্ধে যে সব দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। বক্তারা অভিযোগ করেন, ডা. আরিফ হায়দার মোটা অঙ্কের টাকা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছেন এবং তিনি নিজেই দুর্নীতির সঙ্গে জড়িত। তারা বলেন, ব্যক্তিগত হিংসা থেকেই ডা. আরিফ এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতিবাজ ও ইভটিজিংকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ড্যাব ও দেশনায়ক তারেক রহমানের প্রতি দাবি জানানো হয়, বিএনপির নাম ভাঙিয়ে যারা ড্যাবের মতো পবিত্র সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলার বাসিন্দা মো. আরিফ হোসেন, একই উপজেলার আলী হোসেন এবং কালীরবাজার এলাকার জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে। তারা একযোগে ডা. এম এম হাসানের প্রতি সমর্থন জানিয়ে অভিযোগকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে ডা. আরিফ হায়দারকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায় নি। তবে, এর আগে দেওয়া এক বক্তব্যে তিনি বলেছেন, আমি ডা. এম এম হাসানের দূর্নীতির যত তথ্য আছে, সব ওই মিটিংয়ের মধ্যেই প্রকাশ করেছি।
উল্লেখ্য, সম্প্রতি এক প্রতিবাদ সভায় বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ড্যাবের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দার দাবি করেন, ‘২৪ কোটি টাকার অনিয়মের মধ্যে আড়াই কোটি টাকার ভাগাভাগি হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মাসুদ পারভেজ ও কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডা. এম এম হাসান মাসুদসহ কয়েকজনের মাঝে। এ নিয়েই শুরু হয় তোলপাড়।