ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে শহরের মৌলভীপাড়ায় ওই ভবনের পঞ্চমতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর ৪টা ১২ মিনিটে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষ থেকে শাহ ফরহাদ উদ্দিন আহমদের লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে- রাত ৩টার দিকে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসকে বিলম্বে খবর দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্য সদস্যরা নিরাপদে বের হয়ে গেলেও কক্ষের ভেতরেই ছিলেন শারীরিকভাবে অসুস্থ থাকা শাহ ফরহাদ উদ্দিন আহমদ।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন বলেন, ফরহাদ উদ্দিনের পারিবারিক বিরোধ ছিল। অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।