৭ নভেম্বর উপলক্ষে কুমিল্লায় স্মরণ কালের সর্ব বৃহৎ র‌্যালীতে – হাজী ইয়াছিন ; বিএনপি জনতার সৃষ্টি দল, জনতার সমর্থন যেদিকে যাবে দলও সেদিকে যাবে ইনশাআল্লাহ

কুমিল্লা-৬ এর বিএনপি কর্মীরা ভালো নেই সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।
বিল্লাল হোসেন।।
প্রকাশ: ৬ মাস আগে
Oplus_0

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন কুমিল্লা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, আজ বিপ্লব ও সংহতি দিবসে আমি জানতে চাই আপনারা কি ভালো আছেন?” ইয়াছিনের এমন প্রশ্নে হাজারো জনতা একসুরে বলে ওঠেন, “আমরা ভালো নেই।’
হাজী ইয়াছিন বলেন, মনে রাখবেন, এই পৃথিবীর সৃষ্টিকর্তা তাঁর মানবের, তাঁর সৃষ্টির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং, এই যে আপনারা লাখো জনতা বলেছেন ‘ভাল নেই’, আপনাদের এই ডাক আল্লাহ শুনেছেন এবং আপনারা তাঁরই সৃষ্টি। একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি, আল্লাহ অবশ্যই ন্যায় ও সত্যের পক্ষে। হয়তো সেটা কিছুক্ষণ সময় লাগে, কিন্তু সত্যের জয় হবেই ইনশাআল্লাহ। গতকাল শুক্রবার বিকাল ৪টায় নগরীর টাউনহল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাজার হাজার জনতার উপস্থিতিতে হাজী ইয়াছিন এ কথা বলেন। হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, আজ ৭ই নভেম্বর, এই দিনে দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল একদল সিপাহী। সেদিন কঠিন আন্দোলনের মুখে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজ সেই ৭ই নভেম্বর যেদিন সেই ষড়যন্ত্রকারীরা ভেবেছিল সাধারণ জনগণ অস্ত্র ছাড়া কিছুই করতে পারবে না। কিন্তু সিপাহী-জনতা প্রমাণ করেছে, জনতার শক্তিই বড় শক্তি। তিনি আরও বলেন, তেমনি গত ১৭ বছর ফ্যাসিবাদী সরকার ভেবেছিল অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু করা যাবে। কিন্তু সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে এসেছে, তখন স্বৈরাচাররাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এখান থেকে প্রমাণ হয়, যখন সত্যের পক্ষে জনতা নেমে আসে, তখন সেই সত্যেরই জয় হয়।
হাজী ইয়াছিন বলেন, প্রিয় কুমিল্লাবাসী বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর এই কুমিল্লার মানুষ কষ্ট পেয়েছেন, আপনারা বিক্ষোভ করেছেন, অবরোধ করেছেন, দুই-তিন দিন ধরে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, এই কুমিল্লার ইতিহাসে প্রথমবারের মতো আমার মা-বোনেরা নিরস্ত্রভাবে রাস্তায় নেমে এসেছেন। যারা আমাকে ভালোবেসে, আমার মনোনয়নের দাবিতে এই কর্মসূচি করেছেন আমি আপনাদের কাছে ঋণী।
তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আমি শহীদ জিয়ার দল করি । যেই দল জনতার সমর্থনে সৃষ্টি হয়েছিল। সুতরাং জনতার সমর্থন যেদিকে যাবে, দলও সেই দিকেই যাবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, গত কয়েকদিনে এই বিক্ষোভের জন্য রাস্তায় দুর্ভোগ হয়েছিল, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমাকে এক ডাক্তার ফোন করে বলেছিলেন, ‘ইয়াছিন ভাই, আমি যানজটের কারণে টমছমব্রিজ দিয়ে শহরে ঢুকতে না পেরে বিশ্বরোড হয়ে ঘুরে আসতে হচ্ছে।’ এতে আমার কোনো দুঃখ নাই। তবু আমি চাই, ইয়াছিন ভাই ধানের শীষ নিয়ে জনতার নেতা নির্বাচিত হোক।
গত তিনদিন যত সাধারণ মানুষের কষ্ট হয়েছে, ব্যবসায়ী ভাইদের ব্যবসায় কষ্ট হয়েছে আমি বিএনপির নেতাকর্মী ও সকলের পক্ষ থেকে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। আমি আমার নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, এমন কোনো কর্মসূচি দেওয়া যাবে না যেটাতে জনগণের দুর্ভোগ হবে।
হাজী ইয়াছিন বলেন, মনে রাখতে হবে, আমরা শহীদ জিয়ার সৈনিক। শহীদ জিয়া এই জনগণের কল্যাণে রাজনীতি করেছেন। শহীদ জিয়া সত্যের পক্ষে ছিলেন। আমি আজ বুকে হাত রেখে বলছি, আমি জানি না মানুষের কতটুকু কল্যাণ করেছি, কিন্তু এটা বলতে পারি , আমার দ্বারা কারও অকল্যাণ হয়নি। আমি অপরাধের রাজনীতি করি না।
আমার একটাই অপরাধ আছে —, আমি চাঁদাবাজি করি না, আমি টেন্ডারবাজি করি না, আমি ফখর বাণিজ্য করি না এবং এর বিরুদ্ধে আমি সোচ্চার। আমি রাজনীতি করি শুধু কুমিল্লা নয়, সারা বাংলাদেশের আগামীর তরুণ প্রজন্মের কাছে একটি সুন্দর, সুশৃঙ্খল পরিবেশ উপহার দেওয়ার জন্য।
কান্নাজড়িত কণ্ঠে হাজী ইয়াছিন বলেন,গতকাল(বৃহস্পতিবার) আপনারা আমার জন্য সারাদিন না খেয়ে রোজা রেখেছেন, হাজার হাজার মানুষ একসাথে ইফতার করেছেন। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করার ভাষা আমার নেই। আপনাদের এই শান্তিপূর্ণ প্রোগ্রামকে সারা বাংলাদেশের মানুষ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা সাধুবাদ জানিয়েছেন।”
তিনি বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ, আপনারাও শান্তিপ্রিয় মানুষ। দল যে নমিনেশন ঘোষণা করেছে সেটা স্থায়ী নমিনেশন নয়। দলের মাননীয় মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা বলেছেন। আপনারা যে প্রার্থী চান সেটা ইতিমধ্যে সারাদেশে ও দলের কাছে পৌঁছে গেছে। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থীকেই ধানের শীষ প্রতীক দেওয়া হবে। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আমি এই পৃথিবীতে একবার এসেছি। আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি, আর কখনো এই পৃথিবীতে আসব না। সুতরাং আমি সারাজীবন আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি এবং মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ । আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, এমন কোনো কাজ করবেন না যেটার জন্য দলের দুর্নাম হবে, দলকে নিয়ে মানুষ সমালোচনা করবে। কারণ এই দলটা আমাদের, এই দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এই দল বেগম খালেদা জিয়ার, এই দল তারেক রহমানের। ষড়যন্ত্র সারাজীবন চলছে। ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। ভেবেছিল, জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপি শেষ হয়ে যাবে। সুতরাং কোনো ষড়যন্ত্রই জাতীয়তাবাদী দল বিএনপি প্রেমীদেরকে বিচ্যুত করতে পারবে না।
আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব ইনশাআল্লাহ