জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

বাংলাদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় তিনি এ শ্রদ্ধা নিবেদন করে

বাংলাদেশ সুপ্রীম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর প্রদান করেন।

এসময় উপস্তিত ছিলেন আপীল বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।

গত ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। আজ সকাল সাড়ে ১০টায় শপথ গ্রহণের মাধ্যমে তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

প্রসঙ্গত, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গতকাল শনিবার অবসর গ্রহণ করেন। আজকের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে জুবায়ের রহমান চৌধুরী তার স্থলাভিষিক্ত হন।

দীর্ঘ বিচারিক অভিজ্ঞতাসম্পন্ন জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তার পদ স্থায়ী হয়। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।