কুমিল্লা-১০ আসনে জমে উঠেছে ত্রিমুখী লড়াই

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-কে সামনে রেখে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী মাঠে স্পষ্ট হয়ে উঠেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের সক্রিয় প্রচারণায় ইতোমধ্যে এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে। ভোটারদের দৃষ্টি এখন কার দিকে যাচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও হিসাব নিকাশ।

 

এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইয়াছিন আরাফাত, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন শামসুদ্দোহা আশরাফি, যিনি একজন জনপ্রিয় ইসলামীক বক্তাও। অপরদিকে, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন ইঞ্জিনিয়ার হাছান আহমেদ, যিনি তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক হিসেবে পরিচিত। তিন প্রার্থীর ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান, কর্মসূচি ও নির্বাচনী প্রতীক ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

 

নির্বাচন কমিশন ঘোষিত প্রতীক অনুযায়ী জামায়াতে ইসলামী প্রার্থী ইমাছিন আরাফাত পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। ইসলামী আন্দোলনের প্রার্থী শামসুদ্দোহা আশরাফি লড়ছেন হাত পাখা প্রতীক নিয়ে। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাছান আহমেদের প্রতীক ডাব। প্রতীক নির্ধারণের পর থেকেই তিন প্রার্থী নিজ নিজ এলাকায় গণসংযোগ, সভা সমাবেশ ও ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন।

 

কুমিল্লা-১০ আসনের ভোটার পরিসংখ্যানও এই আসনকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৯ হাজার ৪১ জন এবং নারী ভোটার ৩ লাখ ২ হাজার ৮৭৮ জন। বিপুলসংখ্যক ভোটারের এই আসনে সামান্য ব্যবধানেই ফলাফল পাল্টে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

 

আগামী ১২ ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে কুমিল্লা ১০ আসন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও বাড়ছে কৌতূহল। উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ, জাতীয় রাজনীতি ও স্থানীয় সমস্যা কোন বিষয়টি ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়। সব মিলিয়ে কুমিল্লা ১০ আসন এবারের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ও নজরকাড়া আসন হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে ভোটের ফলাফল রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বলে ধারণা করা হচ্ছে।