কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

স্থানীয় সরকার ব্যবস্থায় গতিশীলতা আনতে কুমিল্লাসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিবেক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করোনাকালীন সময়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পাওয়া ইউসুফ মোল্লা টিপু।

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে নব নিয়োগ প্রাপ্ত কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে লিখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।”
এই নিয়োগের মধ্যে দিয়ে গত এক মাস ধরে নগর কুমিল্লায় যে ব্যাপক আলোচনা চলছিল , কে হচ্ছেন কুমিল্লা সিটির প্রশাসক সেই মুখরোচক আলোচনার অবসান ঘটলো।

একই প্রজ্ঞাপনে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগসহ নিয়মিত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক নির্ধারিত সম্মানি ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ আরও ছয়টি সিটি করপোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার অবশিষ্ট পাঁচটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনেও নতুন প্রশাসক পদায়ন করা হলো।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।