কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিংয়ের আরো ২ কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

গত ২২ মার্চ দিবাগত রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ^রোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং এ যাত্রীবাহী বাস মামুন স্পেশাল ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় ১২জন নিহত ও ২৫জন আহতের ঘটনায় দায়েরকৃত মামলায় রেলক্রসিংয়ের আরো ২ কর্মীকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব । এ নিয়ে এ ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হলো।
র‌্যাব কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ভিকটিম সোহেল রানা (৪৬) এর খালা শেফালী আক্তার বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০১, তারিখ-২৩/০৩/২০২৬ ইং।

র‌্যাব ১১ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(২৫ মার্চ) দিবাগত রাতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বিজয়পুর এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত আসামী কাওসার হোসেন (২০), পিতা-মোঃ আব্দুস সালাম, মাতা-কলছুমা খাতুন, সাং-কুতইড়, ডাকঘর-কমলপুর, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করে।
পৃৃথক অপর একটি অভিযানে একই দিবাগত রাতে (২৫ মার্চ) র‌্যাব-১১ ও র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল জিএমপি, গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত আসামী নাজমুল হোসেন (৩৩), পিতা-হেদায়েত উল্লাহ, মাতা-সালমা বেগম, সাং-বাসন্ডা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তারা উক্ত ঘটনায় নিজেদের দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করেছে বলে র‌্যাব জানায়।