কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হাসানপুর স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বগি বিচ্ছিন্ন হয়ে ট্রেনটির সামনের অংশ প্রায় এক কিলোমিটার দূরে চলে গেলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও ভোগান্তি সৃষ্টি হয়।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৬টা ৫ মিনিটে কুমিল্লার হাসানপুর রেলস্টেশন অতিক্রম করে। স্টেশন ছাড়ার কিছু দূর পর হাসানপুর ও গুণবতী স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটির পেছনের তিনটি বগি মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ইঞ্জিনসহ সামনের অংশ প্রায় এক কিলোমিটার এগিয়ে যাওয়ার পর চালক বিষয়টি বুঝতে পারেন।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, হঠাৎ বিকট শব্দে বগিগুলো আলাদা হয়ে গেলে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। পরে চালক ট্রেনের সামনের অংশ থামিয়ে ধীরে ধীরে পেছনে ফিরে আসেন।
হাসানপুর রেলস্টেশন মাস্টার নাসির উদ্দিন বলেন, ঘটনাটি স্টেশনের বাইরে ঘটেছে। খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযোগের কাজ শুরু করেন। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর বগিগুলো যুক্ত করা সম্ভব হয় এবং ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রামমুখী (ডাউন লাইন) ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল উদ্দিন।
বিচ্ছিন্ন হওয়া বগিগুলোর পাশে ‘গার্ড ব্রেক’ বগি ছিল, যেখানে ট্রেন পরিচালনা সংক্রান্ত কার্যক্রম ও যাত্রীসেবার জন্য ক্যান্টিন থাকে। যাত্রীদের অভিযোগ, বগির সংযোগ (কাপলিং) সঠিকভাবে না করার কারণেই এ ঘটনা ঘটেছে, যা রেলকর্মীদের গাফিলতির ফল।