লাইসেন্সবিহীন জ্বালানি বিক্রি: লাকসামে ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

কুমিল্লার লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ বাজার এলাকায় লাইসেন্সবিহীনভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে ‘মেসার্স সাথী অয়েল’ নামের প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা এনএসআই, কুমিল্লা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার নেতৃত্বে এবং লাকসাম থানার সাব-ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলামের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের আগে এনএসআই-এর একটি দল গোপন নজরদারির মাধ্যমে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি নিশ্চিত করে।

অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রতি লিটার জ্বালানি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি করছিল।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হারুনুর রশিদ দাবি করেন, তার কাছে ২,৫০০ লিটার জ্বালানি মজুদের লাইসেন্স রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হন। পরে তিনি আগামী ১৯ এপ্রিল উপজেলা কার্যালয়ে লাইসেন্স প্রদর্শনের প্রতিশ্রুতি দেন। প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে এবং বড় অঙ্কের জরিমানা আরোপ করা হবে।

এদিকে, অভিযান শেষে প্রতিষ্ঠানটিতে মজুদ থাকা জ্বালানি নির্ধারিত মূল্যে জনসাধারণের কাছে বিক্রির নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।